দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার সুগন্ধি গ্রামে আবারও পানির মোটর চুরির ঘটনা ঘটেছে। একের পর এক একই ধরনের চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়ি, স্কুল ও মসজিদ থেকে পানির মোটর চুরি হলেও এখন পর্যন্ত চক্রটির সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সুগন্ধি গ্রামের বাসিন্দা সাকিলের বাড়িতে গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার পর কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে সিঁড়িঘরের নিচে রাখা পানির মোটর চুরি করে নিয়ে যায়। বিষয়টি রাতেই পরিবারের সদস্যদের নজরে আসে।
এলাকাবাসীর দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে একই গ্রামের একাধিক বাড়ি, স্কুল ও মসজিদ থেকেও পানির মোটর চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে ভুক্তভোগীদের অনেকেই দিঘলিয়া থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকায় একটি সংঘবদ্ধ চক্র এ ধরনের চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের ধারণা, মাদকাসক্ত কিছু ব্যক্তি নেশার টাকা জোগাড় করতেই এসব চুরি করছে। তবে সম্ভাব্য জড়িতদের বিষয়ে প্রকাশ্যে কথা বলতে অনেকেই ভয় পাচ্ছেন।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এ ধরনের চুরির ঘটনা আরও বাড়তে পারে এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাবে।